বলিউডে পরিচিতি পাওয়া ইরানি মডেল ও অভিনেত্রী এলনাজ নরৌজি তার সংগ্রামী জীবনের গল্প নতুন করে সামনে এনেছেন।
সম্প্রতি তার জীবনের নানা অভিজ্ঞতা জানতে তার সঙ্গে দেখা করেন বলিউড প্রযোজক ফারাহ খান। সেখানে এলনাজ জানান, তেহরানের একটি ছোট্ট বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে তারা জার্মানিতে আশ্রয় নেন এবং কিছু সময় শরণার্থী শিবিরে কাটান।

গত ১০ বছর ধরে ভারতে একাই বসবাস করছেন এই অভিনেত্রী। প্রায় সাত বছর আগে সেক্রেড গেমস সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি।
এলনাজের বাড়িতে এখনও রয়েছে ইরানের সংস্কৃতির ছোঁয়া। দেওয়ালে রয়েছে তার শৈশবের ছবি। কিছু ছবি তেহরানের। কিছু ছবি জার্মানির। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ভাল ছিলেন এলনাজ। জার্মানির সেরা পড়ুয়াদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

নিজের শৈশবের কথা স্মরণ করে এলনাজ বলেন, “লোকে ভাবত, আমরা খুবই ধনী। কিন্তু আসলে তা নয়। আমরা ইরানে খুব ছোট একটি বাড়িতে থাকতাম। তেহরানে নিজের শৈশবও আমার ভাল লাগত। তারপর জার্মানি গিয়ে সব বদলে গেল। আমরা শরণার্থী হিসাবে ওখানে থাকতাম।”

সেই সময়ে তাদের কাছে কোনও পরিচয়পত্র ছিল না। ছোট্ট একটি ঘরে চাপাচাপি করে থাকত গোটা পরিবার। রান্নাঘর ও শৌচালয় অন্য পরিবারের সঙ্গে ভাগ করে নিতে হত।
এলনাজ মনে করে বলেন, “আমরা খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়াতাম।

একটা আলু আর একটা ডিম দেওয়া হত আমাদের। ওটুকুই অনেক ছিল তখন। খুব কঠিন জীবন দেখেছি আমি। আমাদের কাছে কিছু ছিল না। শূন্য থেকে আমরা পথচলা শুরু করেছিলাম।”
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

