মাতৃত্ব একজন নারীর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে-শরীর ও মানসিকতায় ঘটে স্বাভাবিক রূপান্তর। কিন্তু এই বাস্তবতাকেই কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী পত্রলেখা পাল।
বলিউডের তারকা দম্পতি পত্রলেখা ও রাজকুমার রাওয়ের ঘরে গত বছরের শেষে আসে প্রথম সন্তান। কন্যাসন্তানের জন্মের পর পত্রলেখার ওজন কিছুটা বাড়ায় তাকে নিয়ে কটাক্ষ করেন কিছু মানুষ। তবে নীরব না থেকে সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনি নিজেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় পত্রলেখা স্পষ্টভাবে বলেন, সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। এটিকে ব্যঙ্গ বা নেতিবাচকভাবে দেখার কিছু নেই। তিনি মনে করিয়ে দেন, তিনি মাত্রই সন্তানের জন্ম দিয়েছেন এই পরিবর্তনই স্বাভাবিক।
অভিনেত্রীর ভাষ্য, এই সময়টিতে তিনি একদিকে মাতৃত্বের দায়িত্ব পালন করছেন, অন্যদিকে পেশাগত কাজও সামলাচ্ছেন। এমন পরিস্থিতিতে সমর্থন ও সহানুভূতির পরিবর্তে নেতিবাচক মন্তব্য মানসিকভাবে আঘাত করে।
পত্রলেখা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন, কারও শরীর নিয়ে অযাচিত বা কুরুচিকর মন্তব্য না করতে বিশেষ করে একজন নারী যখন মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে একটি কাজের সূত্রে পরিচয় রাজকুমার ও পত্রলেখার। ২০১১ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। আর ২০২৫ সালের ১৫ নভেম্বর দুই তারকার চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই তাদের ঘর আলো করে আসে সন্তান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

