দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এনটিআরসিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এসব আবেদন জমা পড়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি আবেদন এসেছে।
চেয়ারম্যান আরও জানান, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির আলোকে গত ২৫ মার্চ আবেদন আহ্বান করা হয়। এতে মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী ৫ হাজার ৭১৮ জন।
তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার পরবর্তী কার্যক্রমও চলমান রয়েছে।
এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতি বছর অন্তত দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

