জ্বালানি পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন কারণে সৃষ্ট শিক্ষার সময় ঘাটতি মোকাবিলায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, সাম্প্রতিক রোজার ছুটি, আন্দোলনসহ বিভিন্ন কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়েছে। এ ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এ বিষয়টিও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ ব্যবস্থা চালুর বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা কাঠামো থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এ ছাড়া মহানগর এলাকায় জ্বালানি সংকট, ট্রাফিক জট ও পরিবহন সমস্যার প্রভাব মোকাবিলায় বিকল্প পরিবহন ব্যবস্থা যেমন বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস ও সৌরশক্তিচালিত পরিবহন নিয়েও ভাবনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

