প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে কয়েকটি আমদানিনির্ভর ও ভোগ্যপণ্যের বাজারদর বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাবিত পরিবর্তনের আওতায় কাজুবাদাম, আমদানিকৃত পাঙাশ ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো, নির্দিষ্ট ক্যাটাগরির পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি, ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড, কপারজাত পণ্য, পিভিসি ও পিইটি রেজিনসহ বিভিন্ন শিল্পপণ্যের ওপর শুল্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কাজুবাদামের শুল্ক বাড়ছে
দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত—উভয় ধরনের কাজুবাদামের আমদানি শুল্ক ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে। ফলে আমদানিনির্ভর বাজারে কাজুবাদামের দাম বাড়তে পারে।
পাঙাশ ফিলেট
আমদানিকৃত পাঙাশ মাছের ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এ পণ্যের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিগারেট ও তামাকজাত পণ্য
সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকো পণ্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এর প্রভাবে এসব পণ্যের দাম বাড়তে পারে।
পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি
১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির মোট করভার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এই শ্রেণির গাড়ির মূল্য বৃদ্ধি পেতে পারে।
ওয়াশিং মেশিন
স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত গৃহস্থালি ওয়াশিং মেশিনের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে বাজারে এসব পণ্যের দাম বাড়তে পারে।
জিপসাম বোর্ড ও শিট
জিপসাম বোর্ড ও শিট আমদানিতে ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যা নির্মাণসামগ্রীর ব্যয়ে প্রভাব ফেলতে পারে।
ট্রান্সফরমার
১ কেভিএ পর্যন্ত ক্ষমতার ট্রান্সফরমার আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
কপার টিউব ও কপারের তার
কপার টিউবের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার পাশাপাশি কপারের তার আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এতে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়তে পারে।
কোল্ড-রোল্ড কয়েল ও শিট
এই পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, যা শিল্পখাতে ব্যয় বাড়াতে পারে।
প্লাস্টিক ও প্যাকেজিং খাত
পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। ফলে প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পে উৎপাদন ব্যয় বাড়তে পারে।
গ্রিজপ্রুফ ও গ্লাসিন পেপার
গ্রিজপ্রুফ এবং গ্লাসিন পেপারের আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে এসব কাগজের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ডিসি মোটর
১২০০ ওয়াটের নিচের ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় শিল্পকে সুরক্ষা দেবে বলে মনে করা হচ্ছে।
মেইজ স্টার্চ
ভুট্টা থেকে উৎপাদিত মেইজ স্টার্চের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। খাদ্য, ওষুধ ও টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত এ পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব অন্যান্য খাতেও পড়তে পারে।
পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার
আমদানি বিকল্প শিল্পকে উৎসাহ দিতে এ পণ্যের ওপর নতুন করে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
সাইকেলের যন্ত্রাংশ
স্থানীয় উৎপাদনকে সুরক্ষা দিতে সাইকেলের ফ্রি হুইল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে আমদানিনির্ভর সাইকেলের যন্ত্রাংশের দাম বাড়তে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

