আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে সংস্থাটির বার্ষিক সহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি সভাপতির সফর উপলক্ষে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ সহায়তার পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তবে মধ্যমেয়াদে এই সহায়তা বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
এডিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরে গড়ে প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়ন দেওয়া হবে, যা বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন খাতের বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

