চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ টাকা।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, সামনে ঈদুল আজহা থাকায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
এর আগে মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। এছাড়া এপ্রিল মাসে প্রবাসী আয় ছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

