AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতায় চাপে দেশের অর্থনীতি: ডিসিসিআই


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:০১ পিএম, ১৬ মে, ২০২৬

উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতায় চাপে দেশের অর্থনীতি: ডিসিসিআই

উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিনিয়োগে স্থবিরতা ও জ্বালানি অনিশ্চয়তার কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সেবাখাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে সংগঠনটি।

শনিবার (১৬ মে) রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই): ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। মূল্যস্ফীতি, রিজার্ভের চাপ, বিনিয়োগে মন্থর গতি, জ্বালানি সংকট এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, প্রচলিত অর্থনৈতিক সূচকগুলো অনেক সময় স্বল্পমেয়াদি বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন দিতে পারে না। এ কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির প্রকৃত অবস্থা মূল্যায়নে ডিসিসিআই নতুনভাবে ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)’ চালু করেছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী। তিনি জানান, ত্রৈমাসিকভিত্তিক এই গবেষণায় ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় উৎপাদন ও সেবা খাতের মোট ৭৬২ জন অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়। এর মধ্যে উৎপাদন খাতের ৩৩০ জন এবং সেবা খাতের ৪৩২ জন ছিলেন।

গবেষণার ফলাফলে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিখাতে খাদ্য উৎপাদন কমছে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সেবাখাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় বাজারমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদান, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নের সুপারিশ করা হয়। এছাড়া বন্দর ব্যবস্থাপনা সহজ করা, ভ্যাট হার কমানো এবং লাইসেন্সিং প্রক্রিয়ায় হয়রানি কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সমন্বিত নীতি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!