দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা-বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারে বেসরকারি খাতের মতামত কাঠামোবদ্ধভাবে গ্রহণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর মনোনীত পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা হলেন— এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, বে গ্রুপের জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপের মো. আবদুল জাব্বার, র্যাংগস গ্রুপের সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর।
সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি সংকট, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, পরিষদ বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রস্তাব ও কর্মপরিকল্পনা প্রস্তুত করবে, যা ব্যবসা-বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। এই প্রক্রিয়ায় সমন্বয়কারী হিসেবে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করতে আন্তর্জাতিকভাবে প্রমাণিত নীতি ও দৃষ্টান্তগুলো প্রস্তাবে অন্তর্ভুক্ত করা উচিত।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক মতামত দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর জানান, পরিষদের মূল লক্ষ্য হলো ব্যবসা ও সরকারের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানো এবং বাস্তবভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা করা।
তিনি আরও জানান, পরিষদ প্রতি তিন মাস অন্তর বৈঠক করবে এবং নীতি সংস্কার, প্রক্রিয়া সহজীকরণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে কাজ করবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

