শুরু হল আয়কর সেবা মাস। রিটার্ন জমা দিতে কর অফিসগুলোতে মাসব্যাপী বিশেষ সেবা দেওয়া শুরু করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, করদাতারা পুরো নভেম্বর জুড়ে কর অফিসে রিটার্ন পূরণের প্রয়োজনীয় সেবা পাবেন।
পাশাপাশি অনলাইনেও দেওয়া যাবে আয়কর রিটার্ন। এবার নিয়মিত ফর্মের পাশাপাশি এক পাতার রিটার্ন জমা দেওয়া যাবে। সারা দেশে ৩১টি কর অঞ্চলে প্রায় সাড়ে ছয় শ সার্কেলে মিলবে ই-টিন নেওয়া, রিটার্ন পূরণসহ নানা সেবা। পাশাপাশি পাওয়া যাবে রিটার্ন জমার প্রমাণপত্রও।
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব তথ্য জানান।
আবু হেনা জানান, আয়কর সেবা মাসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেম চালু থাকবে। এরই মধ্যে শূন্য করদাতা অনলাইন সিস্টেমে রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি ও রিটার্ন দাখিল করতে পারছেন। শূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য কর অঞ্চলে যাওয়া লাগবে না। এ সব সেবা কর সেবা কেন্দ্রেই দেওয়া হবে।
গত অর্থবছরের বাজেটে প্রায় ৩৮ ধরনের সেবার বিপরীতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়। এবার সেবার সংখ্যা বাড়িয়ে ৪৩টি করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, দেশে নিবন্ধিত করদাতা এখন প্রায় ৯৩ লাখ। এদের মধ্যে গত বছর রিটার্ন জমা দেন প্রায় ৩৮ লাখ করদাতা। এবার ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দিতে না পারলে জরিমানার হার বেড়ে যাবে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

