রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন মামুন খালেদকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতনামাদের পরিচয় শনাক্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ মামুন খালেদের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০-৭০০ জন সশস্ত্র কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অংশ নেয় এবং তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. লিজা ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

