হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে থানার অভ্যন্তরে সংঘটিত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দেন এবং প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে উত্তেজনাকর মন্তব্য করেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবি তুলে তিনি প্রশাসনকে নিজেদের লোক হিসেবে উল্লেখ করেন এবং এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অতীতের সহিংস ঘটনার উদাহরণ টেনে বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এ ঘটনার পর শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ মাহদী হাসানের কাছে পাঠানো হয়। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

