AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ



চাঁদপুরে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

ভরা মৌসুমেও দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কমেছে কয়েক গুণ। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রুপালি ইলিশের দাম। পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরা। এদিকে উৎপাদন হ্রাসের প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বিশেষজ্ঞ দল।

​মৌসুমে মেঘনা ও পদ্মায় জেলেদের ব্যস্ততা বাড়লেও নদীর বুকে আশানুরূপ মাছের দেখা মিলছে না। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পরও অনেক জেলে প্রায় খালি হাতে ফিরছেন। পরিসংখ্যান বলছে, গত দুই বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ৪২ হাজার মেট্রিক টন। চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে ইলিশসহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় অর্ধলক্ষ জেলে।

​খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগেও এ সময়ে চাঁদপুরের মাছঘাটে প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ ইলিশের বেচাকেনা হতো। তবে এবার বাজারে একশ মণ মাছও আসছে না। সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় তিন হাজার টাকায়।

​নদীতে ইলিশ না পাওয়ার বিষয়ে মৎস্যজীবীরা বলছেন, নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নদীর স্বাভাবিক প্রবাহ ও ইলিশের চলাচলে বড় বাধা তৈরি করছে।

​এই সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে বিশাল নদী অঞ্চলে কাজ করা হচ্ছে। নানা উদ্যোগও গ্রহণ করা হয়েছে।"

​অন্যদিকে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ও সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, আগের তুলনায় ইলিশের সরবরাহ কম এবং বড় ইলিশের সংখ্যাও কম। তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। নদীর পানির গুণগত মান, স্রোত, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মাছের চলাচলের পথসহ বিভিন্ন বিষয় বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হবে। সব তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে মৎস্য অধিদফতরের কাছে একটি সুপারিশভিত্তিক প্রতিবেদন দেওয়া হবে। সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। 


একুশে সংবাদ/এ.জে

Link copied!