সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন তানিয়ার স্বজনরা। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
নিহত তানিয়া ইসলাম উপজেলার বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করে আসছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে স্বামী-স্ত্রী নিজ কক্ষে একসঙ্গে ঘুমাতে যান। তবে মঙ্গলবার সকালে ঘরের ভেতরে তানিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, তানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে শাহ পরান পালিয়ে গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

