রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন শ্যামপুর বালুরঘাট এলাকার কাটাখালী থানার বাসিন্দা মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আটজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
নৌকাডুবির ঘটনা দেখতে পেয়ে পদ্মা গার্ডেন এলাকায় নদীতীরে অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আফছার আলী ও তার ছেলে জিয়ারুল হক নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

