নরসিংদীর পলাশে অজ্ঞাত এক ব্যক্তিকে (৬০) চোখ বেধে মুমূর্ষ অবস্থায় সড়কের পাশে ফেলতে গিয়ে মাইক্রোবাসের চালক মনির হোসেন স্থানীয়দের হাতে ধরা পড়েছেন। পরে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলাশ থানা পুলিশ ওই চালককে মাইক্রোবাসহ আটক করেছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৬ টায় উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। আটক মনির বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ভাগদী সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে এর চালক মনির হোসেন অজ্ঞাত এক বৃদ্ধকে মুমূর্ষু ও চোখ বাধা অবস্থায় ফেলে রাখার চেষ্টা করে। পরে স্থানীয়দের সন্দেহ হলে চালককে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ব্যক্তিকেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখানে তিনি মারা যান।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর আর এমও আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
পলাশ থানার এসআই কামরুল ইসলাম জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মাইক্রোবাস জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

