বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ২১ জুন (রোববার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে `অর্থনৈতিক শুমারি ২০২৪`-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ উপলক্ষে সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ ও জাতীয় প্রতিবেদন তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন।
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। অর্থাৎ ২০১৩ থেকে ২০২৪ সাল সময়ে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, লক্ষ্মীপুর জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৫টি, যার মধ্যে স্হায়ী ৭৫ হাজার ৫৫৫টি, অস্হায়ী ৪ হাজার ৭৬১টি ও অর্থনৈতিক খানা (হাউজহোল্ড) রয়েছে ৫৮ হাজার ৫৭৯টি। ২০১৩ সালের শুমারিতে লক্ষ্মীপুর জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৫৭ হাজার ৮২৬টি। অর্থাৎ, বিগত এক দশকে লক্ষ্মীপুরে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ১৪০ শতাংশ।
লক্ষ্মীপুরে অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ২ লাখ ৮৩ হাজার ৭৪০ জন জনবল নিয়োজিত রয়েছেন। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য ও উপাত্ত জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেখানো হয়েছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী লক্ষ্মীপুর জেলায় ৪৬ টি বৃহৎ শিল্প, ৩৬৯ টি মাঝারি শিল্প, ৬ হাজার ৫৫৭ টি ক্ষুদ্র শিল্প, ৭৮ হাজার ৭৬৮ টি মাইক্রো শিল্প ও ৫৩ হাজার ১৫৫ টি কুটির শিল্প রয়েছে।
দেশের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের সিংহভাগই এখন সেবা খাতের দখলে। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের পমোট ইউনিটের ৯০.০২ শতাংশই সেবা খাতের অন্তর্গত, যেখানে শিল্প খাতের অবদান মাত্র ৯.৯৮ শতাংশ। এর মধ্যে `পাইকারি ও খুচরা ব্যবসা` খাত সর্বোচ্চ ৪০.১৯ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ আবু তারেক, সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মো: ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা বক্তব্য রাখেন। এসময় পরিসংখ্যান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বনিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

