খাগড়াছড়ির মাটিরাঙায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বরাদ্দকৃত সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) সকালে মাটিরাঙা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এবং পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য সরকারি বরাদ্দ এনেছেন। এ ধরনের সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, উপজেলার সাতটি ইউনিয়নের ৩০ জন এবং পৌরসভা এলাকার ৭৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুবিধাভোগীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

