গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) পৃথক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ৫ নম্বর বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পরিতোষ সরকার, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হারান বালা এবং ৮ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রইচ মোল্লা।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তারা জানান, তারা নিজ নিজ দলীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, “সাংবাদিকদের উপস্থিতিতে আজ ১৬ জুন ২০২৬ তারিখে আমরা আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”
তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

