গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে “ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হই, সুস্থ থাকি, নিরাপদ থাকি”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার মোল্লা, ডা. দ্বীপ সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আ. কাইয়ুম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

