AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবশেষে সম্প্রসারিত হচ্ছে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম



অবশেষে সম্প্রসারিত হচ্ছে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম

দীর্ঘদিনের যাত্রী ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২০ মে) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী মো. শিপন আলী সরেজমিনে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্লাটফর্ম সম্প্রসারণের প্রয়োজনীয় মাপজোক, অবকাঠামোগত অবস্থা এবং বাস্তবায়নের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঠাকুরগাঁও জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্টেশন। পীরগঞ্জ ছাড়াও রানীশংকৈল ও হরিপুর উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করেন। কিন্তু যাত্রীসংখ্যার তুলনায় স্টেশনের অবকাঠামো দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত থাকায় যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে ১ নম্বর প্লাটফর্মটি তুলনামূলক ছোট হওয়ায় আন্তঃনগর ট্রেন স্টেশনে প্রবেশ করলে ৩ থেকে ৪টি কোচ প্লাটফর্মের বাইরে অবস্থান করে। ফলে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের ট্রেনে ওঠানামার সময় চরম ভোগান্তির শিকার হতে হয়।
এছাড়া স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে থাকা ছাউনিটি যাত্রীদের তুলনায় খুবই ছোট। অন্যদিকে ২ নম্বর প্লাটফর্মে কোনো ছাউনি নেই। বিদ্যমান ছাউনির টিনও অনেক স্থানে ছিদ্র হয়ে যাওয়ায় বৃষ্টির সময় পানি পড়ে এবং প্রচণ্ড রোদে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। পর্যাপ্ত ফ্যান, বসার ব্যবস্থা ও আলোর অভাবও দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে।
স্টেশনটিতে প্রথম বা দ্বিতীয় শ্রেণির কোনো বিশ্রামাগার নেই। পাশাপাশি রেলওয়ে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা না থাকায় যাত্রীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যেও থাকেন। পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলায় ছিনতাই ও চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে উন্নতমানের টয়লেট ও ফুটওভার ব্রিজের অভাবে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয়। প্লাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে ওঠানামাও অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।

প্লাটফর্ম সম্প্রসারণ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী মো. শিপন আলী বলেন, “আমি নিজে উপস্থিত থেকে প্লাটফর্ম বৃদ্ধির জন্য মাপ নিয়েছি। ১ নম্বর প্লাটফর্ম ছোট হওয়ায় কয়েকটি কোচ প্লাটফর্মের বাইরে অবস্থান করে। এতে যাত্রীদের ওঠানামায় কষ্ট হয়। সেই দুর্ভোগ কমাতেই প্লাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ছাউনি সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

উল্লেখ্য, গত ১২ এপ্রিল পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের জরাজীর্ণ অবস্থা ও সংস্কারের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক স্টেশনটি ধাপে ধাপে সংস্কারের আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় অবশেষে ১ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

স্থানীয় যাত্রী ও সচেতন মহল দ্রুত প্লাটফর্ম সম্প্রসারণের পাশাপাশি ছাউনি, ফুটওভার ব্রিজ, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলো, বিশ্রামাগার ও আধুনিক টয়লেট নির্মাণেরও দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!