জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহলোয়ান শাকিল (৪৫) নামে এক মাদরাসার হাফেজের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকার যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাবুদ্দৌলাহ পাহলোয়ান শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল পাহলোয়ান বাড়ির মুক্তিযোদ্ধা মো. শাহারিয়া পাহলোয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামেন শাকিল। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান। স্থানীয়দের দাবি, তিনি সাঁতার জানতেন না। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ নয়ন জানান, হাসপাতালে আনার আগেই মাহাতাবুদ্দৌলাহ পাহলোয়ান শাকিলের মৃত্যু হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

