ফরিদপুরের সালথা উপজেলায় ঝড়ে গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ঘরটির ক্ষতি হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ায় তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়।
এ বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুই পরিবারের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আলেম মাতুব্বরের ছেলে মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারী। অপর পক্ষের আহতরা হলেন আলেম মাতুব্বরের আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা, হায়দার মোল্যার ছেলে দিপু মোল্যা, মনির মোল্যা, তুহিন মোল্যা এবং আরও এক নারী।
জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন দুই ভাই। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

