পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) সকাল থেকেই পার্কটিতে সব বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনা এলাকার চৈতাবে অবস্থিত ড্রিম হলিডে পার্কে ঈদ উপলক্ষে বর্ণিল সাজসজ্জা ও নতুন নতুন আকর্ষণ যোগ করা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
পার্কের জনপ্রিয় রাইডগুলোর মধ্যে রয়েছে ড্রিম রিভার কেভ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট এবং ভূতের রাজ্য। ৪০টিরও বেশি রাইডে চড়ে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক দর্শনার্থীরাও আনন্দ উপভোগ করছেন।
এবারের ঈদে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ‘রিভার কেভ’। দর্শনার্থীদের পার্কে প্রবেশের জন্য ৩৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাইডে চড়তে ৭০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। তবে ঈদ উপলক্ষে বিভিন্ন প্যাকেজে বিশেষ ছাড়ের সুবিধাও রাখা হয়েছে।
দেশ-বিদেশ থেকে আগত পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রাইড ও বিনোদন সুবিধা উপভোগ করছেন। পার্কজুড়ে উৎসবমুখর পরিবেশ দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে।
ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, “আন্তর্জাতিক মানের এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুনভাবে সাজানো হয়। এবারও নতুন রাইড সংযোজনের পাশাপাশি বিদ্যমান রাইডগুলো আধুনিকায়ন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকে। এছাড়া এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে প্রবেশ ও ভ্রমণের বিশেষ সুবিধা রাখা হয়েছে।
ঈদের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের এই উপচেপড়া ভিড় অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

