শেরপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং শেরপুর পৌরসভার মোট ৫০০ জন অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ এক হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলী, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রিয়াঙ্কা এমপি বলেন, “শেরপুর জেলা একটি কৃষিপ্রধান জেলা। এ জেলার কৃষকদের উন্নয়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামীতে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করা হবে।”
তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শেরপুর জেলাকে উন্নয়নের মডেল জেলায় রূপান্তরিত করা হবে, ইনশাআল্লাহ।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

