বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখা।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিষ্পাপ শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি মুহা. আরাফাত খান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মুহা. ফাইজুল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা সভাপতি মাও. ডি.এম আল আমিন, উপজেলা আইএবি’র প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাও. আরিফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শূরা সদস্য এইচ. এম. শিহাবসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা জাতির জন্য গভীর উদ্বেগ ও লজ্জার বিষয়। তারা এসব অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের আশ্রয়ে অনেক অপরাধী আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যায়, যা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে দুর্বল করছে।
এ সময় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশে আইনের সুশাসন, শিশুদের নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

