সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক তোফায়েল আহাম্মদ বর্তমানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ষোড়শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবেও তিনি সুপরিচিত।
১৯৯৮ সালে এমসি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন তোফায়েল আহাম্মদ। পরে ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০২৫ সালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পান তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক তোফায়েল আহাম্মদ বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ শুকরিয়া। মুরারিচাঁদ কলেজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।” তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যাতে শিক্ষার্থীরা আরও এগিয়ে যেতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনদের প্রত্যাশা, দীর্ঘদিনের অভিজ্ঞ এই শিক্ষকের নেতৃত্বে এমসি কলেজের একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

