নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় চালক মো. নাজমুল (২০)কে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ কলেজ গেট-সংলগ্ন জামাল স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
সোমবার (১৮ মে ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মো. মুহিত কবীর।
তিনি জানান, গত ৬ মে ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে তন্ময় ও তার এক সহপাঠী রাস্তা পারাপারের সময় মাইজদী বাজার থেকে আসা নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ চৌরাস্তাগামী লেনে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তন্ময় ও তার সহপাঠী রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নাজমুলকে বেগমগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

