সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় কোনো বিদ্যালয়েই শিক্ষক উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
জানা যায়, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ করে যান। সেখানে শিক্ষকদের অনুপস্থিতি দেখে তিনি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং পাঠদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সংসদ সদস্য আরও জানান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

