রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকা থেকে আলহাজ আজিম (৭/৮) নামে এক পথ হারানো শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি গোয়ালন্দ ঘাট থানা-র হেফাজতে রয়েছে।
শিশুটি তার পিতার নাম আল-আমিন ওরফে সুরোজ এবং মাতার নাম আকলিমা বেগম বলে জানিয়েছে। এছাড়া তাদের গ্রামের নাম “জয়ন্ত হাজরা” বললেও উপজেলা বা জেলার নাম বলতে পারেনি।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে জমিদার ব্রিজ এলাকায় নাসির সরদারের অটোরিকশায় ওঠে শিশুটি। এ সময় সে জানায়, দাদীর সঙ্গে ট্রেনে করে এক আত্মীয়ের “মরা দেখতে” এসেছিল। পরে দাদীকে খুঁজে না পেয়ে পথ হারিয়ে ফেলে।
অটোরিকশা চালক নাসির সরদার বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে যান। বর্তমানে পুলিশ শিশুটির পরিবার বা স্বজনদের সন্ধানে কাজ করছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “শিশুটির পরিবারের সন্ধান পেলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।”
যোগাযোগ: ০১৩২০-১০১৪৪৮ (পরিদর্শক তদন্ত, গোয়ালন্দ ঘাট থানা)।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

