বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ ধান সরবরাহ করতে পারবে না বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
সভায় জানানো হয়, কুরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড বা ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, সরকার কর্তৃক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ব্যতীত অন্য কেউ রাজনৈতিক প্রভাব বা অবৈধ উপায়ে ধান সরবরাহের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

