শেরপুরের নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। ফিতা কেটে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২হাজার ৮শ ২৯ মেট্রিক টন ধান এবং ২ হাজার ৬শত ৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন ভিপি, উপজেলা বিআরডিবি নালিতাবাড়ীর চেয়ারম্যান এম এ রায়হান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান তারা, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করতে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

