নরসিংদীর পলাশে ৯ বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনাটি ঘটে। নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে ‘দুষ্টামির ছলে’ রামিমের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়।
এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

