লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অপহরণের পর ১৩ বছর বয়সী অটোচালক কিশোর রাজিব হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. সোহেল বাওয়াতী (৪০) ওরফে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রায়পুর থানা পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে পার্শ্ববর্তী জেলা চাঁদপুর থেকে তাকে আটক করা হয়। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এ সফল অভিযান সম্পন্ন হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে ০৫ মে (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেপ্তার আসামির বাড়ি লক্ষ্মীপুরের চরপাঙ্গাসিয়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে রায়পুর উপজেলায় রাজিবকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার আগে নিহতের বাবার মোবাইলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ঘটনায় নিহতের বাবা রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর প্রযুক্তিগত সহায়তায় রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর সদর থানার সহযোগিতায় ওয়্যারলেস চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে গেসুকে গ্রেপ্তার করে।
ওসি শাহীন মিয়া জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

