বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে ) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহন-এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রোকসোনা ইয়াসমিন (৬৩) ও আরফা (৭)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন-রোকসোনা ইয়াসমিন (৬৩), স্বামী মৃত কাজী পান্নু মিয়া এবং শিশু আরফা (৭), পিতা রুবেল কাজী। তাদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায়।
জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জনান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

