দীর্ঘ আট বছর পর রাঙামাটির ছাত্ররাজনীতিতে এলো নতুন নেতৃত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২৬ সালের ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান।
দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ আট বছর পর নতুন কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে গভীর রাতে নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা যায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়।
নবনির্বাচিত সভাপতি অলি আহাদ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কমিটির অন্যান্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: খাইরুল ইসলাম রানা; সহ-সভাপতি: জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মো. ইসহাক; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুস শাকুর জাভেদ; যুগ্ম সাধারণ সম্পাদক: হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ; প্রচার সম্পাদক: আবদুল আহাদ এবং দপ্তর সম্পাদক: সানি আহমেদ সানি।
সভাপতি নির্বাচিত হওয়ার পর অলি আহাদ কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। কেন্দ্র আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করব। ভবিষ্যতের রাজনীতি হবে জনগণের কল্যাণে, আর ত্যাগীদের যথাযথ মূল্যায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, “দীর্ঘ আট বছর পর নতুন কমিটি হওয়ায় আমি আনন্দিত। এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা আমার পাশে ছিলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সার্বিক সহযোগিতার জন্য তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি, আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক এবং বেলাল হোসেন সাকুকে সাংগঠনিক সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ আট বছর পর সেই কমিটির স্থলাভিষিক্ত হলো নতুন নেতৃত্ব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

