পায়ে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের লক্ষ্য নিয়ে যাত্রা করা সাদিয়া সুলতানা ইতোমধ্যে ৩১টি জেলা পাড়ি দিয়ে পৌঁছেছেন ভোলায়।
চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ফেরদৌস আহমেদের মেয়ে সাদিয়া সুলতানা চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে বিবিএ বিভাগে অধ্যয়নরত। চলতি বছরের ১ জানুয়ারি পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত থেকে তার এই দুঃসাহসিক যাত্রা শুরু হয়।
পথচলায় নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে কিছুটা বিরতি এলেও থেমে থাকেননি তিনি। বরগুনা সফর শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলায় পৌঁছে তার এই অভিযানের নতুন অধ্যায় শুরু হয়েছে।
সাদিয়া জানান, প্রতিটি জেলায় তিনি সাধারণত দুই দিন অবস্থান করে স্থানীয় সংস্কৃতি, ভাষা ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে জানার চেষ্টা করেন। একা নারী হিসেবে ভ্রমণে নানা চ্যালেঞ্জ থাকলেও বিভিন্ন জেলার ভ্রমণপ্রেমী ও ফেসবুক বন্ধুদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আশাবাদী। ৬৪ জেলা ভ্রমণ শেষ করে তিনি বিশ্বভ্রমণের স্বপ্ন দেখছেন—লক্ষ্য তার এভারেস্ট জয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ।
সাহস, স্বপ্ন ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ সাদিয়া সুলতানা। তার এই যাত্রা অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। অদম্য এই তরুণী ইতোমধ্যেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

