ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ খ্রি. উপলক্ষে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
“প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মশালাটি আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিল কমল সন্ন্যাসী। সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী চৌধুরী। এছাড়া বক্তব্য দেন মো. ইয়াকুব আলী, সাংবাদিক লিয়াকত আলী লাবলু এবং কৃষক মুরাদ বেগসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এসব স্কুলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে।
এছাড়া পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের আওতায় এনে সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

