জামালপুরে পৃথক স্থানে ব্জ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে জামালপুর সদর উপুজেলার শরিফপুর ইউনিয়ন ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হবিবর আলীর ছেলে হাসমত আলী (৪৫) ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী মর্জিনা আক্তার (২১)। একই ঘটনায় শেফালী বেগম (২৮) নামে আরেক গৃহবধূ আহত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, বিকেলে বৃষ্টির শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় হাসমত আলী ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেন বজ্রপাতে আহত হয়। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় বজ্রপাতে হাসমত আলীর একটি গরুও মারা গেছে।
এদিকে নিহতের স্বামী রাজিব কুলি জানান, দুপুরে বাড়ীর উঠানে খোলা আকাশের নিচে চুলায় রান্না করছিলো স্ত্রী মর্জিনা আক্তার। এমন সময় পাশেই বজ্রপাত হয়। এতে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে মর্জিনা আক্তার। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপর আহত ব্যাক্তি শেফালী বেগমকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শেফালী বেগম একই এলাকার হারুন মিয়ার স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

