রাজশাহীর পুঠিয়া উপজেলায় কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে রহিদুলের পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে রহিদুলের পরিবার গরুর গোয়ালে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ওই কয়েলের আগুন থেকে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে, যা দ্রুত বসতঘরে ছড়িয়ে পড়ে।
আগুনের বিষয়টি টের পেয়ে রহিদুল ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। তবে ততক্ষণে আগুন পুরো ঘরজুড়ে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই সবকিছু পুড়ে যায়।
পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু, তিনটি ছাগল, ঘরে রাখা পেঁয়াজসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনচার্জ সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

