সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ বছরের নিষ্পাপ শিশু জুবায়ের।
বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের শাহ আজগর আলী ডিগ্রি কলেজ সংলগ্ন তিন মাথা মোড়ে হূদয় বিদারক এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মিশুক ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় পাঁচ বছরের শিশু জুবায়ের।
এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকাল সাড়ে ৫ টার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবায়ের।
নিহত জুবায়ের উপজেলার হিংগারপাড়া গ্রামের আফিজুলের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
মৃতের স্বজনরা জানান, ঘটনাস্থলের পাশে একটি ট্রাকে শসা লোড করা হচ্ছিল। এ-সময় রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে শিশু জুবায়ের যাওয়ার সময় হঠাৎ করেই মিশুক ভ্যান তাকে ধাক্কা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে রাস্তার পাশে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা ও ট্রাক লোড-আনলোডের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
নিস্পাপ শিশু জুবায়ের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে প্রায় ঘন্টাব্যাপি সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
আন্দোলনকারী জনতা ওই স্থানে তিনটি রাস্তায় স্থায়ী স্পিড ব্রেকারর নির্মাণের জোর দাবি জানান।এছাড়া রাস্তার পাশে শসা কেনাবেচা ও ট্রাক লোডিং বন্ধের দাবি জানান। তারা বলেন, এখানে রয়েছে একাধিক স্কুল ও কলেজ। কোমলমতি শিক্ষাের্থীদের নিরাপত্তায় স্পিড ব্রেকার অতীবও জরুরী। তারা হুঁশিয়ারি উচ্চারন করে আরো বলেন, অনতিবিলম্বে স্প্রিড ব্রেকারের ব্যবস্থ করা না হলে মহাসড়ক অবরোধ করা হবে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদারসহ পুলিশ সদস্যরা এবং স্থানীয় ইউপি সদস্য আবু তালেব ও গনমাধ্যমকর্মীরা।
পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন আগামীকাল সকাল ১০টার মধ্যে ওই স্থানে স্থায়ী স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

