ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানার জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন- আলতাব হোসেন (৪১), আলমগীর হোসেন (২৬) ও আব্বাস (৩৮)।
এরপর রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে আরেকটি অভিযানে সোহান শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহান শেখের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

