গাজীপুরের কালীগঞ্জে “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেড।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার।
এতে সভাপতিত্ব করেন এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমীক্ষা দলনেতা মোহাম্মদ রাকিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডির পরিচালক (উপসচিব) ফৌজিয়া রহমান, উপপরিচালক এটিএম ফরহাদ চৌধুরী, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।
কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে টেকসই অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা ও তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নগর সেবা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় নগর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিদ্যমান অবকাঠামোর অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

