জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন কৃষিবিদ আবু তাহা মো. শেখ ফরিদ। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
শেখ ফরিদ মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাবের গ্রাম বনচিথলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি তার শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, ১৯৯৮ সালে জামালপুর জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করার পর সরকারি আশেক মাহমুদ কলেজে ভর্তি হন। কলেজে অধ্যয়নকাল থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০০৫ সালে শহীদ শামসুল হক হল ছাত্রদলের সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ২০১০ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস (অ্যানিমেল সায়েন্স) ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনে ২০১৮ সালে জামালপুর জেলা যুবদলের সদস্য হন। ২০২২ ও ২০২৩ সালে পরপর দুইবার জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ২০২৫ সালে মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে মনোনীত হন।
শেখ ফরিদ তার বক্তব্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার হামলা, মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও সবসময় জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।
তিনি বলেন, “আমি মাদারগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে চাই এবং প্রার্থিতা ঘোষণা করছি। মাদারগঞ্জকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
এ সময় তিনি পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

