চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নানার সঙ্গে তাফসির মাহফিলে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শরিফা খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির আপন দুলাভাইকে আটক করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি রাত ৮টার দিকে নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
নিহত শরিফা গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। আটককৃত অন্তর একই উপজেলার লালপুর এলাকার বাসিন্দা এবং নিহতের দুলাভাই।
পুলিশ সূত্রে জানা যায়, শরিফা খাতুন তার নানার সঙ্গে মকরমপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার (৩ এপ্রিল) সেখানে আয়োজিত তাফসির মাহফিলে অংশ নেওয়ার পর বিকেল আনুমানিক ৪টার দিকে সে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং রোববার বিকেলে একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, “নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিক্টিমের দুলাভাইকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

