নওগাঁর মান্দা উপজেলায় বিএনপি কার্যালয় ও কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আগুনে দলীয় কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি দোকান ও একটি ক্লাবঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ বিএনপি কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কার্যালয় ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গণি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গণি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয় ও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
অগ্নিকাণ্ডকে পরিকল্পিত দাবি করে ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “গভীর রাতে আমাদের ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত পরিকল্পিত একটি ঘটনা বলে আমরা মনে করছি।
শুধু কার্যালয় নয়, পাশের দোকানগুলো পুড়িয়ে সাধারণ ব্যবসায়ীদেরও পথে বসানো হয়েছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “গভীর রাতে দলীয় কার্যালয়ে আগুন লাগার বিষয়টি অত্যন্ত রহস্যজনক। এতে আমাদের আসবাবপত্র ও নথিপত্রসহ সবকিছু পুড়ে গেছে।
আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

