রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে পড়েছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাসটি নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। ঈদের ছুটি শেষে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত যাত্রীরা বাসটি ভাড়া করে ফিরছিলেন। পথে পাহাড়ি ঢালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।
রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, আহতদের মধ্যে ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

