যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পরে মাদামস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক এম এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া বাদ যোহর জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ দোয়া ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

