সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফকেন্দ্রিক প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরিফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।
জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে এই আগাম ঈদ উদ্যাপন করা হয়। এসব এলাকার মধ্যে সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুরসহ আরও বহু গ্রাম রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদ্যাপনের প্রথা চালু করেন। তার অনুসারীরা এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।
দরবার শরিফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের সামান্য ব্যবধানে রোজা ও ঈদ পালন করে আসছেন। বর্তমানে দেশের বিভিন্ন জেলাতেও তাদের অনুসারীরা একইভাবে ঈদ উদ্যাপন করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

