পবিত্র রমজান মাস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলার ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য সৌদি আরব থেকে পাওয়া ১৩ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কালাই উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্রসহ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক, পরিচালক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেওয়া হয়, যা পরে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
খেজুর পেয়ে আনন্দ প্রকাশ করেন এতিমখানা ও মাদরাসা কর্তৃপক্ষ। কালাই পৌরশহরের আঁওড়া দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক আলহাজ আলমগীর হোসেন বলেন, “এবার প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়েছি। উপজেলা প্রশাসন স্বচ্ছতার সঙ্গে খেজুরগুলো বিতরণ করেছে। আমরা শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে এগুলো পৌঁছে দেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, কালাই উপজেলার জন্য মোট ১৩ কার্টন সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। রমজান মাসে এতিম ও অসহায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে উপজেলার ২৮টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে খেজুর বিতরণ করবেন বলে আমরা আশাবাদী। তবে খেজুর বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে ইফতারে পুষ্টিকর খাদ্য হিসেবে খেজুরের বিশেষ গুরুত্ব থাকায় এ সহায়তা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

